রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ রোববার রাতে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে হাজিরা শেষে সন্ধ্যায় অন্যান্য হাজতির সঙ্গে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে পিচ্চি রাজা বাথরুমে যাওয়ার কথা জানান।
দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। পুলিশ জানায়, পলাতক পিচ্চি রাজা মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পিচ্চি রাজার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এর আগে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল।