পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর গর্ভপাত হয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুন্সী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, হাবির তার অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে স্থানীয় বখাটে সোহাগ, মামুন ও শাওন তাদের অটোরিকশা গতিরোধ করে। এসময় তানিয়ার স্বামী ও শ্বশুরকে মারধর করতে থাকে তারা।
এক পর্যায়ে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি দেয় এবং তাকে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তানিয়ার গর্ভপাত হয়। কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু ঘটে।
স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।