পটুয়াখালী সদর উপজেলার যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২২ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিধবার স্বামী সাত বছর আগে মারা যান এবং তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে ২৪ মার্চ পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কের একটি বাসায় নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, শহিদুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানার পর অভিযুক্ত তাকে গর্ভপাত করাতে চাপ দেন। রাজি না হওয়ায় ১৮ মে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে ওষুধ খাওয়ানো হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরদিন জ্ঞান ফিরলে জানতে পারেন, তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান মন্তব্য করেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্তের আগে কোনো মন্তব্য করা সমীচীন নয়। অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘আদালতের আদেশের অনুলিপি এখনও থানায় পৌঁছেনি। অনুলিপি হাতে পেলেই আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, মামলার পর থেকে অভিযুক্ত শহিদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাদীপক্ষ। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।