কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক শফিকুল ইসলাম (৪০) ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম আজ সকালে নিজের জমিতে ধান রোপণ করতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”