সাতক্ষীরার তালা উপজেলায় বজ্রপাতে কৃষক চিত্ত আইস নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্ত আইস (৪৫) গোপালপুর গ্রামের মৃত কানাই আইসের ছেলে।
প্রতিবেশীরা জানান, তিনি কৃষক এবং কাপড়ের ব্যবসায়ী ছিলেন। গোপালপুর গোলপাতার চরে জমিতে ধান রোপনের কাজ করছিলেন। বৃষ্টির মধ্যে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
তালা থানার তদন্ত ওসি সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বৃষ্টির মধ্যে মাঠের ফাঁকাস্থানে না থাকার এবং দ্রুত ছাউনিযুক্ত নিরাপদ স্থানে যাওয়ার জন্য সকলকে পরামর্শ দেওয়া হচ্ছে।