তথ্য মন্ত্রণালয় নতুন সফটওয়্যারের মাধ্যমে অপতথ্য চিহ্নিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘যত সোশ্যাল মিডিয়ার পরিধি বাড়ছে, ততই ভুয়া তথ্য ও গুজব বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয় নিয়ে সরকার নতুন করে ভাবছে।’
প্রতিমন্ত্রী জানান, নতুন সফটওয়্যারের মাধ্যমে অপতথ্য চিহ্নিত করার কার্যক্রম শুরু হবে। তিনি কালুরঘাট বেতার কেন্দ্রের দুরবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বলেন, ‘বেতার কেন্দ্রটিকে যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।’
এছাড়া, বিটিভিকে জনপ্রিয় করার জন্য ফরেনসিক অডিট শুরু হচ্ছে। এর মাধ্যমে অনুষ্ঠানগুলোকে আকর্ষণীয় করার বিষয়ে কাজ চলছে।
ইয়াসের খান চৌধুরী বর্তমানে দুই দিনের সফরে চট্টগ্রামে অবস্থান করছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এবং আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা।