ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ১০০টি কার্টনে ভর্তি ৬০০ পিস আনারস বাংলাদেশে প্রবেশ করে। এই আনারসগুলো রাজ্যের বিখ্যাত ‘কিউ’ জাতের সুমিষ্ট আনারস।
গত ৩০ জুন, ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিল। বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় (জিরো পয়েন্টে) ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া উপহারের আনারস তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আগরতলা কাস্টমস সুপারিনটেনডেন্ট দেবাশীষ নন্দী এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ। জানা যায়, আনারসগুলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।
অপূর্ব রায় উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছিলেন, সেই কারণে ফিরতি উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উপহার দুই দেশের মধ্যে হৃদয়ের মেলবন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।