কুমিল্লা সীমান্ত দিয়ে প্রচলিত মাদকদ্রব্যের বাইরে নতুন নেশা জাতীয় ইনজেকশন ঢুকছে। এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি, যারা মাদক চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে।
বিজিবি ১০ ব্যাটালিয়ন ও সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধীনে ১৭৫ কিলোমিটার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হওয়ার সময় আটক ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। গত তিন বছরে সীমান্তরক্ষী বাহিনী এসব মাদক উদ্ধার ও জব্দ করেছে।
মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, নতুন নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। যা এর আগে দেখা যায়নি।
তিনি আরো জানান, বাংলাদেশ ওষুধ অধিদপ্তর অনুমোদিত অনেক ওষুধ ভারত থেকে পাচারের চেষ্টা হচ্ছে। সীমান্ত প্রহরায় এখন নানান অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এছাড়া, সীমান্তে ড্রোন ব্যবহার করে মাদকের চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি জানায়, গত তিন বছরে এই দুই ব্যাটালিয়ন ২০ হাজার ২০০ অপারেশন চালিয়ে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য আটক ও জব্দ করেছে।
এ ছাড়াও, ৫২৬ জন আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করেছে বিজিবি।