রাজধানী ঢাকার লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার বিষয়। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বুধবার (২৯ জুলাই) সকালে বারিধারা-গুলশান লেক পরিদর্শন শেষে এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, গুলশান লেককে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি সফল হলে উত্তরা, মিরপুরসহ রাজধানীর অন্যান্য লেকেও একই মডেলে কাজ শুরু হবে।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), হাউজিং অথরিটি ও অন্যান্য সংস্থার সাথে আলোচনা ও বৈঠক করে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫-৬ মাসের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আহম্মদ সোহেল মনজুর বলেন, অতীতে লুটপাট ও অস্বচ্ছতার কারণে কোনো কাজ বাস্তবায়ন হয়নি, তবে এবার সরাসরি যুক্ত থেকে কাজের ফলাফল নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, গত ৫ মাসে নতুন করে কোনো খাল দখলের ঘটনা ঘটেনি এবং দখল রোধে সরকার সম্পূর্ণ সজাগ রয়েছে।