বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঘানার স্ট্রাইকার মোহাম্মদ ফুসেইনি। গতকাল ব্রাসেলসে পার্ক করা গাড়িতে বসে থাকার সময় পাঁচজন মুখোশধারী ব্যক্তি ফুসেইনির ওপর আক্রমণ চালান।
ছিনতাইকারীরা ফুসেইনিকে টেনে গাড়ি থেকে বের করে তাঁর মোবাইল ফোন ও ঘড়ি নিয়ে যায়। বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘হেট লাতসতে নিয়ুস’ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত পাঁচজন ব্যক্তি একটি পার্ক করা গাড়িকে ঘিরে রেখেছে।
প্রতিবেদনে বলা হয়, তিনজন হামলাকারী ফুসেইনিকে চালকের আসন থেকে টেনে বের করেন। একজন হামলাকারী ফুসেইনির গলা চেপে ধরে রাখেন, আর অন্যরা তাঁর হাত থেকে ঘড়ি খুলে নেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ফুসেইনি মাটিতে পড়ে যান এবং পরে আর প্রতিরোধ করেননি।
ছিনতাইয়ের পর ওই দলটি ফুসেইনির গাড়ি তল্লাশি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ফুসেইনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে চোট গুরুতর না হওয়ায় পরে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বাড়ি থেকে চুরি যাওয়া বেশ কয়েকটি জিনিস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে দলবদ্ধভাবে সহিংসতা ব্যবহার করে ডাকাতির অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে বেলজিয়ামের ক্লাস ইউনিয়স সাঁ জিলোয়ার হয়ে খেলছেন ফুসেইনি। এই ক্লাবের হয়ে তিনি ২০২৫ সালে বেলজিয়ান লিগ এবং ২০২৬ সালে বেলজিয়ান কাপ জয়ের স্বাদ পান।