জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারে তারা সার্ক কার্যকরের বিষয়ে একমত পোষণ করেন। বুধবার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, "পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশসমূহের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেন। সার্ককে পূনরায় কার্যকর করে সে লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে।" তিনি নেপালকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
নেপালের রাষ্ট্রদূত এতে একমত পোষণ করে জানান, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ উল্লেখ করে উভয় দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, যুব ও জনগণের পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে।
ভারপ্রাপ্ত স্পিকার বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে এবং সংসদীয় কূটনীতি জোরদার হবে।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন। তিনি বলেন, "বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে।"
এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব দ্যা মিশন প্রতীক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন।