নেপালে তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট মৃত্যু ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত।
প্রাপ্ত খবর অনুযায়ী, শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে পর্যটকসহ অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "আমরা নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা করি, নিখোঁজদের দ্রুত আরোগ্য ও চিকিৎসা নিশ্চিত হবে।" বাংলাদেশ ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত।
বুধবার নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় নজিরবিহীন ভূমিধসের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, মিনিটের মধ্যে একটি বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে সবকিছু ধ্বংস করে দেয়। সবশেষ তথ্যানুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫, নিখোঁজ রয়েছে ৪ শতাধিক।