নেপাল সরকারের পক্ষ থেকে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
দূতাবাস জানায়, বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের জন্য নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ভ্রমণে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং ও ভ্রমণের পরিকল্পনা করার আগে সকল তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার কথাও বলা হয়েছে।
অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও তুষারপাতের ফলে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে, যা উদ্ধার কার্যক্রমকে কঠিন করে তুলেছে। ইতোমধ্যে মানাং-এর বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করা হয়েছে।
যেসব বাংলাদেশি নাগরিক দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা এবং নদীর তীর ও ভূমিধসের আশংকাযুক্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথাও উল্লেখ করা হয়।
এ সতর্কতা সাময়িক এবং কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী এলাকা এ সতর্কতার আওতামুক্ত। দূতাবাস নেপালী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য প্রকাশ করবে।