মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ জন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক, ১৬০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ জন

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, বাকি ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতদের মধ্যে কোম্পানীগঞ্জ থানায় ১০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

সোনাইমুড়ী থানায় ২২ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখানে তিনজনের বিরুদ্ধে ৩৪ ধারায় ও তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, সুধারাম মডেল থানা ও হাতিয়া থানায় ২৯ জন করে, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় আটজন, চরজব্বর থানায় ১০ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন