যশোরের কেশবপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে ভোক্তা অধিকার আইনের তিনটি ধারায় জরিমানা করা হয়।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্য ও পানীয় পাওয়া যায়।
অভিযানে পাওয়া পণ্যগুলোর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা, বিভিন্ন বেনামি জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য অন্তর্ভুক্ত ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা, মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভবিষ্যতে এ ধরনের অপরাধ হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময়, অনুমোদনবিহীন ভেজাল খাদ্যপণ্য জনসম্মুখে বিনষ্ট করা হয়।