যশোরের কেশবপুরে ধান খেতের পাশে ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে স্থানীয়রা ওই মরদেহ দুটি দেখতে পান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে তাদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন কেশবপুরের মাগুরখালি গ্রামের আলেক সর্দার (৪৫) এবং তার স্ত্রী মাজেদা বেগম।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ধানখেতের আইলের পাশের ড্রেনের সেচযন্ত্রের পানি পড়ার গর্তে ওই দুজনের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
ওসি হাফিজুর রহমান বলেন, নিহত পুরুষের শরীরে গামছা জড়ানো এবং নারীর পরনে ম্যাক্সি ছিল। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পর আজ সকালে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।