রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের সুস্পষ্ট চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের সম্ভাবনাকে নির্দেশ করে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, অপরাধীরা অন্য কোথাও পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহটি এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বনানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিকে আগে সুবিধাজনক কোনো স্থানে হত্যা করা হয়েছে। পরে সুযোগ বুঝে লাশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে ফেলে রেখে অপরাধীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ কাজ করছে।
এছাড়া, এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট অংশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।