ভারতের রাজস্থানের যোধপুরে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’ শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়া ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
মহড়ায় বাংলাদেশসহ সাতটি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি এবং শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান এই মহড়ায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে।
মহড়ার প্রতিপাদ্য ‘পাওয়ার ইন পার্টনারশিপ’ বা ‘অংশীদারিত্বে শক্তি’। এতে বিভিন্ন দেশের বিমানবাহিনী যৌথভাবে উড্ডয়ন ও কৌশলগত প্রশিক্ষণে অংশ নেবে। বাংলাদেশ বিমানবাহিনী সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে অংশগ্রহণ করছে।
মহড়ায় যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ এবং দুই শতাধিক মার্কিন বিমানসেনা ইতোমধ্যে যোধপুরে পৌঁছেছে। এছাড়া, ফ্রান্সের রাফাল এবং সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬ যুদ্ধবিমানও অংশ নিচ্ছে।
ভারতীয় বিমানবাহিনী তাদের রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সু-৩০এমকেআইসহ বিভিন্ন যুদ্ধবিমান ব্যবহার করছে। মহড়ায় আধুনিক যুদ্ধপরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সদস্যদের জন্য সেমিনার, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, ঐতিহ্যবাহী স্থান ভ্রমণ, ম্যারাথন ও যোগব্যায়ামসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
‘তারাং শক্তি’ মহড়ার প্রথম সংস্করণ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। এবার আরও বড় পরিসরে মহড়াটি আয়োজন করা হয়েছে, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পেশাগত যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।