ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অন্তর্বর্তীকালীন চেয়ারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেভিড বুন। আগামী ২৮ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব পালন শুরু করবেন।
আইসিসির সাবেক ম্যাচ রেফারি হিসেবে পরিচিত বুনকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন মাইক বেয়ার্ড বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বেয়ার্ড ছয় বছর ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডে কাজ করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর বুন বলেন, ‘তৃণমূল পর্যায়ের ক্লাব থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি বোর্ডরুম এবং এর মধ্যবর্তী সকল স্তরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে মাইকের অঙ্গীকার ও নেতৃত্বের জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’
বিদায়ী চেয়ারম্যান মাইক বেয়ার্ড জানিয়েছেন, ‘আমি আনন্দিত যে আনুষ্ঠানিক চেয়ারম্যান প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ডেভিড বুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের ভূমিকা গ্রহণ করতে সম্মত হয়েছেন।’
২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে সভাপতিত্ব করছিলেন বেয়ার্ড। সম্প্রতি তিনি বোর্ডকে জানিয়েছিলেন যে তিনি ফের দায়িত্ব গ্রহণ করবেন না। আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বুন বেয়ার্ডের স্থলাভিষিক্ত হবেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ায় যোগ দেন ডেভিড বুন। এর আগে, তিনি ৯ বছর ক্রিকেট তাসমানিয়া বোর্ডের পরিচালক ছিলেন, যেখানে তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।