সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক ২২টি অনুমোদনহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার জন্য জনসাধারণকে সতর্ক করেছে।

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করার জন্য সতর্ক করেছে। এই প্ল্যাটফর্মগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ‘পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ’ এই সতর্কতা জারি করেছে, যা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তদারকির অংশ। ব্যাংকটি জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা প্রদান নিষিদ্ধ।

আইনের ৪(২) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা করতে পারবে না। এই বিধান লঙ্ঘন হলে আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এসব অনুমোদনহীন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, অনুমোদনহীন পেমেন্ট সেবা প্রদানকারীদের মাধ্যমে লেনদেন করলে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকির মুখে পড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল পেমেন্ট খাতের ওপর নজরদারি অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন