বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে ডিজি ই-পে সার্ভিসেসকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগের ভিত্তিতে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২৯ অক্টোবর তাদের একটি দল ডিজি ই-পের কার্যালয়ে নিরীক্ষা চালায়। নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিভিন্ন ধরনের অভিযোগ আসার কারণে জাতীয় নিরাপত্তার স্বার্থে ডিজি ই-পে সার্ভিসকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। তদন্ত শেষে প্রতিষ্ঠানটির লাইসেন্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।