শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউরোপে বিমানে বোমা হামলার হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ইউরোপের বিমান সংস্থাগুলোকে বোমা হামলার হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইউরোপে বিমানে বোমা হামলার হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

চলতি সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো দ্বিতীয়বারের মতো সিরিজ বোমা হামলার হুমকি পেয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আসা এই হুমকির কারণে বেশ কয়েকটি উড়োজাহাজকে নির্ধারিত গন্তব্যের বাইরে অবতরণ করতে বাধ্য করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হুমকির সত্যতা পাওয়া যায়নি, জানায় রয়টার্স।

বৃহস্পতিবার সকালে ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের ফ্লাইট ইআই৪০২ নিরাপত্তাজনিত কারণে প্যারিসের এভরু বিমানবন্দরে অবতরণ করে। আইরিশ বিমান সংস্থাটি জানায়, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে।

বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, বোমা হামলার হুমকির কারণে তিনটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা দুটি উড়োজাহাজ রাজধানী সোফিয়ায় এবং তৃতীয়টি প্লভদিভে অবতরণ করে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চেক প্রজাতন্ত্র, ইতালি ও পোল্যান্ডে বোমা হামলার হুমকির খবরও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, প্রাগগামী চারটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়া গেছে, তবে প্রাথমিক মূল্যায়নে হুমকিগুলোর বিশ্বাসযোগ্যতা কম বলে মনে করছে তারা।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি উড়োজাহাজ নিরাপদে অবতরণে সহায়তা করে ইতালির বিমানবাহিনী। অন্যদিকে, পোল্যান্ডের বিমান সংস্থা লট জানিয়েছে, তাদের একটি ফ্লাইট নিরাপত্তা সতর্কতার পর গন্তব্যে নিরাপদে অবতরণ করেছে।

মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ারের একটি ফ্লাইটও বোমা হামলার হুমকির কারণে ভিয়েনায় অবতরণ করতে বাধ্য হয়। মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে অন্তত সাতটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, তবে কোনো বিস্ফোরক বা বোমার সন্ধান পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাইবার হামলার সঙ্গে এসব হুমকির যোগসূত্র থাকতে পারে। সাইভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এলিরান আলমগ বলেন, এ ধরনের হুমকি বিমান চলাচল ব্যাহত করার পাশাপাশি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।

ইউরোপজুড়ে একের পর এক বিমান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা খাতে বিঘ্ন সৃষ্টি নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। তবে, এসব ঘটনার পেছনে কারা রয়েছে তা এখনও নিশ্চিত নয়।

বিজ্ঞাপন