বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরে কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যের বাস্তবায়নে অর্থনীতির বিভিন্ন খাতে বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রফতানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্য সরবরাহব্যবস্থা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোংলা বন্দরের ভূমিকা এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্দরটি জ্বালানি, খাদ্য ও কাঁচামাল আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানিতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি আন্তর্জাতিক অংশীজন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের জন্য আহ্বান জানান। সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ, সহজ সেবা প্রক্রিয়া, নির্ভরযোগ্য অবকাঠামো এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোংলা বন্দরের আধুনিকায়ন বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনার একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর কাছে মোংলা বন্দরকে আকর্ষণীয় করে তুলে ধরা এবং উপযুক্ত বাণিজ্যিক শর্তে ফার্স্ট কলিং পোর্ট হিসেবে রূপান্তর করা এখন সময়ের দাবি।

এদিন সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। তার উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই হয়।

বিজ্ঞাপন