সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন। আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপান বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি মাসুমি কাকিনোকির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, প্রধানমন্ত্রী মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে, কাকিনোকি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এসব খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জাপানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী জানান, সরকার নিয়ন্ত্রক সংস্কার এবং বিনিয়োগসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া সহজীকরণে কাজ করছে, যাতে জাপানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। উল্লেখ্য, গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট মাসায়ুকি ওমোতো।

বিজ্ঞাপন