ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ইশতেহারের পক্ষে রায় দেওয়ার পর স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউ এস ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্পিকার আরও বলেন, এই অর্থনীতি ভোগনির্ভরতার পরিবর্তে বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। সরকার দেশের বাণিজ্যিক সুবিধা সুরক্ষার লক্ষ্যে অর্থনৈতিক কূটনীতি জোরদার করছে। এর ফলে নতুন বাজার উন্মুক্ত হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জানান, সরকার এমন একটি ব্যবসার পরিবেশ তৈরি করছে যেখানে মার্কিন কোম্পানিগুলো স্বাচ্ছন্দ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
যুক্তরাষ্ট্রের রাষ্টদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়ন জোরদার হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। তিনি উল্লেখ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের নতুন সুযোগ তৈরি করবে।