নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘি-সহ অন্যান্য পণ্যগুলোর লাইসেন্স বাতিলের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ভোক্তাদের এসব পণ্য ক্রয় থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিএসটিআই নিয়মিত নজরদারির অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য ল্যাবরেটরিতে পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায়, বাঘাবাড়ির ‘ঘি’তে আসলে ‘ঘি’ নেই; এটি পাম অলিন ও বনস্পতি দিয়ে তৈরি করা হচ্ছে।
এছাড়া, বম্বে সুইটসের মসলাও মানসম্মত নয় বলে উল্লেখ করা হয়েছে। নিম্নমানের ঘি ও বাটার অয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের ‘অরুন বাঘাবাড়ী’ ব্র্যান্ডের ঘি, মামুন ফুড প্রোডাক্টের ‘নিউ রাঁধুনী’ এবং ‘সিটি’ ব্র্যান্ডের ঘি, এবং এলডার্স ফুড প্রোডাক্টসের ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েল।