বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর নিউমার্কেট এলাকায় অপরিশোধিত ও দূষিত পানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অভিযানে ৫ হাজারের বেশি পানির জার ধ্বংস করা হয়।
বিএসটিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদনহীন, অপরিশোধিত ও মানহীন পানির জার সরবরাহের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অপরিশোধিত ও দূষিত পানির ছড়াছড়ি রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
তারা আরও বলেন, অনেক পানির জার পরিবেশক বিএসটিআই অনুমোদন ছাড়াই ব্যবসা করছেন। যারা অনুমোদন নিয়ে কাজ করছেন, তারাও নিয়ম-কানুন মানছেন না। এসব জার ফুডগ্রেড না হওয়া সত্ত্বেও বছরের পর বছর ব্যবহার করা হচ্ছে।
অভিযানে ধ্বংস করা পানির জারগুলোতে শেওলা জমে যাওয়া এবং পানিতে মাইক্রো প্লাস্টিকের মতো ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। এছাড়াও, জারের পানিতে মানুষের মলের জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। বিএসটিআই কর্মকর্তারা জানান, অপরিশোধিত ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পানির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।