টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, সম্প্রতি একটি বেসরকারি গবেষণায় ৩৪টি টুথপেস্ট নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই তথ্য জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিজ্ঞপ্তিতে বিএসটিআই উল্লেখ করে, ভোক্তাদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে নিয়মিত মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। টুথপেস্ট গিলে ফেলা যাবে না এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখতে হবে।
এছাড়া, বিএসটিআই আরও জানায়, বৈজ্ঞানিক ও আইনি যাচাইয়ের আগে কোনো ব্র্যান্ড বা টুথপেস্টকে অনিরাপদ বা নিম্নমানের ঘোষণা করা উচিত নয়। জনস্বাস্থ্য ও পরিবেশের সাথে সম্পর্কিত হওয়ায় বিষয়টিকে বিএসটিআই গুরুত্বের সাথে বিবেচনা করছে।