দেশের বাজারে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সম্প্রতি এক গবেষণায় বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
এই প্রেক্ষিতে আজ উচ্চ আদালত বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার প্রমাণ পাওয়া গেছে।
গবেষণায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রো বা ক্ষুদ্র প্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।