গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৬ জন, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন ছাড়া ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।
ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৪৭৭ জন।