এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এখন পর্যন্ত চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ৩৮৯ জনে পৌঁছেছে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, ঢাকা বিভাগে ৯৪২ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, রংপুর বিভাগে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।