পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্নব’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ অক্টোবর চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।
২৭ অক্টোবর চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
২৮ অক্টোবর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৯ অক্টোবর রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
৩০ অক্টোবর রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, পরবর্তী সময়ে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।