গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন এবং ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৪১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৫৭ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে পৌঁছেছে।