পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই তথ্য উঠে এসেছে পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটির পরিচালিত প্রথম জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপে।
গবেষণাটি ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর পরিচালিত হয়েছে। এর ফলাফল ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। জরিপে দেখা যায়, বর্তমানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ৩৮ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। প্রতি ৫ জনের মধ্যে একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) এবং প্রতি ১০ জনের মধ্যে একজন বিষণ্নতায় ভুগছে।
আত্মহত্যার চিন্তার শিকার ৬ শতাংশ মানুষের মধ্যে দেখা গেছে। গবেষকরা সামাজিক বৈষম্যের কারণে মানসিক স্বাস্থ্য সমস্যার অবনতির বিষয়টিও উল্লেখ করেছেন, বিশেষ করে বয়স্ক, কম শিক্ষিত, বেকার, বিধবা ও বিবাহবিচ্ছেদপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে।
বিশেষজ্ঞদের মতে, এই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক এবং কর্মক্ষমতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণার ফলাফল শুধু পাকিস্তানের জন্যই নয়, বরং নিম্ন ও মধ্যম আয়ের অন্যান্য দেশের জন্যও গুরুত্বপূর্ণ, যা নীতিনির্ধারক ও স্বাস্থ্যসেবা পরিকল্পনাকারীদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।