পাকিস্তানে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো পরিচালিত মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা এটিকে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন।
পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটির পাঁচ বছরের গবেষণার ফল সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই জরিপে দেশটির চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন।
গবেষণায় দেখা যায়, বর্তমানে পাকিস্তানের ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। এছাড়া ৩৮ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।
জরিপ অনুযায়ী, প্রতি পাঁচজনের একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত এবং প্রতি ১০ জনের একজন বিষণ্নতায় ভুগছেন। আত্মহত্যার চিন্তা ৬ শতাংশ মানুষের মধ্যে দেখা যাচ্ছে।
গবেষকরা মানসিক স্বাস্থ্যের অবনতির ক্ষেত্রে সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, যারা কম শিক্ষিত বা বেকার, বিধবা অথবা বিবাহবিচ্ছেদপ্রাপ্ত, তাদের মধ্যে মানসিক সমস্যার হার সবচেয়ে বেশি।
গবেষকদের মতে, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক এবং কর্মক্ষমতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা মনে করেন, এই গবেষণার ফলাফল শুধু পাকিস্তানের জন্য নয়, বরং নিম্ন ও মধ্যম আয়ের অন্যান্য দেশের জন্যও গুরুত্বপূর্ণ।