গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নতুন করে তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৩৪ জনে পৌঁছেছে।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন—সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামের শাহিনুর বেগম (৩৫), আনছার আলী (৬৪) ও জবেদ আলী (৪৫)। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের হায়দার আলী, তার স্ত্রী আমিনা বেগম এবং চার বছরের ছেলে আদিল আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়ে গরুর মাংস খান। ওই রাতেই তাদের জ্বর ও মাথাব্যথা শুরু হয় এবং পরে শরীরের বিভিন্ন স্থানে ফোস্কা দেখা দেয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান জানান, ৩৪ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ চিকিৎসায় এ রোগ ভালো হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে এ পর্যন্ত ২০ হাজার টিকা পাওয়া গেছে, যার মধ্যে ১৯ হাজার গবাদিপশুকে টিকা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টিকার চাহিদা পাঠানো হয়েছে।
রোগের বিস্তার ঠেকাতে আক্রান্ত বা অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রি না করা, মৃত পশুর সংস্পর্শ এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।