দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৯০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৩ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে ভর্তি রোগীর সংখ্যা নিচে উল্লেখ করা হলো: বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।