আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের বিশেষ ক্যাম্পেইন চলবে।
মন্ত্রী জানান, এ সময়ে ৬ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাধারণত নয় মাসের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার নিয়ম নেই, তবে দেশে হামের সংক্রমণের ধরন পরিবর্তন হওয়ায় এবার ছয় মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারের কাছে ৫৮ লাখ টিকার মজুদ রয়েছে। হামে মৃত্যু ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতিতে শুরুতেই হাসপাতাল রোগী ভর্তি হচ্ছে তাই হাসপাতালে চাপ পড়ছে।’ তিনি পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে উল্লেখ করে জানান, ‘প্রয়োজনে মোবাইল হাসপাতাল করা হবে।’