রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের টিকা নিয়েও আক্রান্ত ১৫% শিশু, বিশেষজ্ঞদের গবেষণার তাগিদ

হামের টিকা নিয়েও আক্রান্ত ১৫ শতাংশ শিশু, বিশেষজ্ঞদের গবেষণার তাগিদ।

হামের টিকা নিয়েও আক্রান্ত ১৫% শিশু, বিশেষজ্ঞদের গবেষণার তাগিদ

রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে ভর্তি থাকা শিশুদের মধ্যে ১৫ শতাংশ টিকা নেওয়ার পরও হামে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই পরিস্থিতি নিয়ে বিস্তর গবেষণা জরুরি।

আগারগাঁওয়ের শিশু হাসপাতালে ভর্তি তাহমীম, তাওহিদুল, আয়েশা ও সুলেখা নামের শিশুদের বয়স ৭ থেকে ১৩ মাস। তাদের মধ্যে টিকা দেওয়ার পরও হাম দেখা দিয়েছে। মহাখালীর ডিএনসিসি ও সংক্রামক ব্যাধি হাসপাতালেও একই চিত্র লক্ষ্য করা গেছে।

শ্যামপুরের নজরুল ইসলাম জানান, তিনি ৬ মাস বয়সে মেয়েকে টিকা দিয়েছিলেন, কিন্তু এখন তার ৮ মাস বয়স এবং সে হাম রোগের সঙ্গে লড়ছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

চিকিৎসকরা জানান, টিকার কার্যকারিতা সাধারণত মাস খানেকের মধ্যে দেখা দেয়। তবে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এটি নাও হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল হুদা খান বলেন, অপুষ্টিতে ভোগা শিশুদের প্রতিরোধ ক্ষমতা কম থাকে।

তিনি আরও বলেন, শিশুদের টিকাদান ৬ মাসে এগিয়ে আনা হয়েছে, কিন্তু টিকা নেওয়ার পরও কেন আক্রান্ত হচ্ছে, তা নিয়ে বড় গবেষণার প্রয়োজন।

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম জানান, টিকা দেওয়ার সময় শিশুর শরীর থেকে রক্ত নিয়ে এন্টিবডি পরীক্ষা করা হয়। রোগী সুস্থ হলে আবার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এই ধরনের গবেষণা প্রয়োজন।

হাম ও উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮৩১ জন মারা গেছে এবং মোট আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লাখ।

বিজ্ঞাপন