হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন, যার মধ্যে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে।
হামের নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২ জন, যার মধ্যে ১০১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ লাখ ৫২ হাজার ২২৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ঢাকা বিভাগ ও ঢাকা জেলা হামর প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ঢাকা জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা বিভাগে এখন পর্যন্ত ৪৩০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের দিক থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ পরবর্তী অবস্থানে রয়েছে, যেখানে যথাক্রমে ২৬৯ ও ১৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।