গাইবান্ধার ডেভিড কোম্পানী পাড়ায় বিয়ের আগের দিনই মারা গেলেন ২১ বছর বয়সী বর আরিফ শাহরিয়ার সৌমিক। তার মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কনের বাড়িতে সৌমিকের মৃত্যুর খবর পৌঁছানোর পর বিয়ের সব আয়োজন থেমে যায়। সৌমিক নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ট্রিপল-ই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে উত্তীর্ণ হন।
পরিবার সূত্রে জানা যায়, সৌমিক প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। গত চার দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
পরবর্তীতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়, কিন্তু বিকেলের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আবার গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, সৌমিকের মৃত্যুর কারণ ডেঙ্গু কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
যেখানে বিয়ের আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শোক ও আহাজারির পরিবেশ বিরাজমান।