চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় বাজারে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। তিনি জানান, পারভেজ প্রিন্স কীটনাশক ব্যবসার জন্য লাইসেন্স নিয়ে অবৈধভাবে সার বিক্রি করছিলেন।
অভিযানের সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ বস্তা সার মজুত করা অবস্থায় পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া, অবৈধভাবে মজুত করা ২৭ বস্তা সারও জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা বলেন, আগামী শনিবার এই সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষকদের কাছে বিক্রি করা হবে।
শিবগঞ্জ উপজেলায় সারের অবৈধ মজুত রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।