বাংলাদেশ ব্যাংক স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানের জন্য নতুন কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বার্তা’ চালু করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার রাজধানীতে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।
এর মাধ্যমে দেশের আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং খরচ কমবে বলে জানান অর্থমন্ত্রী। আগে এলসি তথ্য আদান-প্রদানের জন্য আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফট ব্যবহার করা হতো, যা বিদেশি নেটওয়ার্কে তথ্য পাঠানোর পর সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছাতো। এতে প্রতি এলসির জন্য গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা ব্যয় হতো।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে, জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, প্ল্যাটফর্মটি চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে।
গভর্নর ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিবছর প্রায় ৭০ লাখ ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
অর্থমন্ত্রী জানান, সরকারের উদ্দেশ্য দেশের স্বার্থে বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকা। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার কমানোর বিষয়ে পরিকল্পনা রয়েছে।