শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত

কপ ৩১ সম্মেলন সামনে রেখে জলবায়ু বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের জলবায়ু প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে কপ ৩১ সম্মেলন সামনে রেখে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, বাংলাদেশের বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কপ ৩১-এর কর্মপরিকল্পনা, বাংলাদেশের অগ্রাধিকার এবং সম্মেলন সামনে রেখে নেওয়া প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু কূটনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, কপ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন, অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনা করা হয়।

তিনি ক্লাইমেট জাস্টিজ, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এবং গ্রিন গ্রোথের বিষয়ে বাংলাদেশের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এছাড়া, জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বিশেষভাবে বাংলাদেশের টেকসই ও প্রাকৃতিক পচনশীল তন্তু পাটের সম্ভাবনা উল্লেখ করা হয়, যা কপ ৩১-এ তুলে ধরা হবে। শামা ওবায়েদ ইসলাম সংশ্লিষ্ট সব অংশীজনকে অবদান রাখার আহ্বান জানান।

আগামী ৯-২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল উচ্চপর্যায়ের আলোচনা ও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবে। সম্মেলনে পাটকে প্লাস্টিকের বিকল্প হিসেবে তুলে ধরতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন