কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ আজ রোববার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ড. সাইমুম বলেন, "প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের দাবি বৈশ্বিক পরিসরে জোরালোভাবে উঠে এসেছে।" তিনি আরও জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলার নিশ্চিত হয়েছে এবং অতিরিক্ত ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ এবার ম্যানগ্রোভ অ্যালায়েন্সে যুক্ত হয়েছে বলেও জানান তিনি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ড. সাইমুম দাবি করেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন একটি কাল্টে পরিণত হয়েছে। তিনি বলেন, "গণহত্যা নিয়ে অনুশোচনা না থাকায় সমঝোতার কোনো সুযোগ নেই।"
তিনি আরও উল্লেখ করেন, "আওয়ামী লীগ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এবং অপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।"