ভারতের পশ্চিমবঙ্গে ২৫ বছর মেয়াদে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের (এইএসএল) সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড (পিটিএসএল)।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডব্লিউবিএসইডিসিএল) কাছ থেকে এ কার্যাদেশ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায়, পিটিএসএল প্রাথমিকভাবে ১ হাজার ৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে, যা ২৪ ঘণ্টা পাওয়া যাবে।
এছাড়া, অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিকল্প রাখা হয়েছে। যদি সেটি কার্যকর হয়, তাহলে মোট সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৫০০ মেগাওয়াটে।
পিটিএসএল প্রতিযোগিতামূলক দরপত্র ও ই-রিভার্স নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এ কার্যাদেশ লাভ করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১ হাজার ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০২৮ সালের ১ জুলাই থেকে, এবং অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের সরবরাহ শুরু হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।
এইএসএলের প্রধান নির্বাহী কন্দর্প প্যাটেল বলেন, "ভারতের জ্বালানি খাতের রূপান্তরে ২৪ ঘণ্টার নবায়নযোগ্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও জানান, এ কার্যাদেশ পাওয়ার মাধ্যমে বড় পরিসরে জ্বালানি সমাধান দেওয়ার সক্ষমতা আরও জোরালো হয়েছে।
এইএসএলের তথ্য অনুযায়ী, পিটিএসএল ইতিমধ্যে প্রায় ৪ দশমিক ৬ গিগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ এবং ৩ দশমিক ৫ গিগাওয়াট ঘণ্টা ব্যাটারি সংরক্ষণ সক্ষমতার ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটি শিল্পকারখানা, তথ্যকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ বিতরণ কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির পরিধি বাড়াচ্ছে।
আদানি গ্রুপের অংশ এইএসএল বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ, স্মার্ট মিটারিং ও শীতলীকরণের মতো জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। তাদের সঞ্চালন নেটওয়ার্কের দৈর্ঘ্য ৩০ হাজার ৬৮৩ সার্কিট কিলোমিটার, এবং রূপান্তর সক্ষমতা ১ লাখ ৪৬ হাজার ৫৮৫ এমভিএ।