হরমুজ প্রণালি ঘিরে চলমান অস্থিরতা কাটাতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে জাপান সৌদি আরবকে অতিরিক্ত ১৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সংরক্ষণের সুযোগ দিচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে জানানো হয়, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া ৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করা হয়।
জাপান সৌদি আরবের কাছ থেকে সর্বোচ্চ ৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কেনার পরিকল্পনাও করেছে। উভয় পক্ষই জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে।
২০২৬ সালের মে মাসে গঠিত যৌথ টাস্কফোর্সের আলোচনার ধারাবাহিকতায় সৌদি আরব জানায়, জাপান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। রিয়াদ জানিয়েছে, তারা জাপানের জন্য অপরিশোধিত তেল সরবরাহ অব্যাহত রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
জাপান সৌদি আরবের প্রতি তাদের নিরবচ্ছিন্ন তেল সরবরাহের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সৌদি আরব ইতোমধ্যে দেশটিতে যৌথ তেল মজুতের জন্য নির্ধারিত ট্যাংকগুলোতে তেল পুনরায় মজুতের কাজ শুরু করেছে।
২০১০ সালে চালু হওয়া দুই দেশের যৌথ অপরিশোধিত তেল মজুত প্রকল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রকল্পটির কার্যকারিতা প্রমাণিত হওয়ায় জাপান সৌদি আরবকে অতিরিক্ত ১৬ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সুবিধা যুক্ত হলে জাপানে সৌদি আরবের জন্য মোট তেল সংরক্ষণ সক্ষমতা ২৪ মিলিয়ন ব্যারেলে দাঁড়াবে। বর্তমানে দেশটিতে সৌদি আরবের জন্য ৮ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।