বৈরি আবহাওয়ার প্রভাব রাজধানীর কাঁচাবাজারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গুড়িগুড়ি বৃষ্টির কারণে অন্যান্য ছুটির দিনের তুলনায় ক্রেতাদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
মাছের বাজারে এসে ক্রেতারা বেকায়দায় পড়ছেন, কারণ মাছের দাম অনেক চড়া। নদ-নদীর মাছ ৯শ' থেকে হাজার টাকার নিচে মিলছে না। বড় আকারের রুই-কাতলার দামও সাড়ে চারশো থেকে ৫শ' টাকা পর্যন্ত।
ইলিশের দাম আকাশছোঁয়া। ৭শ' থেকে ৮শ' গ্রাম ওজনের ইলিশের জন্য ক্রেতাদের পকেট থেকে দেড় হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে।
মুরগির বাজারেও দাম কমেনি। লেয়ার জাতের মুরগি ৩৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সোনালি জাত ৩৩০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম ১৮০ টাকা কেজি।
ডিমের দাম প্রায় দু'মাস পর কমতে শুরু করেছে। লাল ডিম ডজনে ১০ টাকা কমে ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে, তবে পাড়া-মহল্লার দোকানে এখনো ১৪৫ থেকে ১৫০ টাকা ডজন হাঁকা হচ্ছে।
মাংসের দোকানে বেচাকেনা খুব একটা নেই। গরুর মাংস ৭৮০ টাকা এবং খাসির মাংস ১৩শ' টাকায় বিক্রি হচ্ছে।
শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বাজারে স্থায়ী স্বস্তি আসেনি। বৃষ্টিতে ফলন ভালো হলেও পরিবহন জটিলতার কারণে রাজধানীতে সবজির দাম ১০ থেকে ২০ টাকা বাড়তি। ক্রেতারা জানাচ্ছেন, খরচ বাড়ায় তাদের ক্রয় ক্ষমতা কমে এসেছে।