শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পোশাক খাতের অস্থিরতায় প্রতিদিন ৪০০ কোটি টাকার ক্ষতি

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক খাতে প্রতিদিন ৪০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।

পোশাক খাতের অস্থিরতায় প্রতিদিন ৪০০ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশের তৈরি পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন এক-তৃতীয়াংশ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে দৈনিক ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে বিজিএমইএ।

শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এবং কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশ্লেষকরা দ্রুত অসন্তোষ নিরসন এবং মজুরি নিয়ে সমঝোতার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। গত ২০২৫-২৬ অর্থবছরে মোট পণ্য রপ্তানি হয়েছে ৪৮ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩৮ বিলিয়ন ডলার এসেছে তৈরি পোশাক থেকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যার ৭৬ শতাংশই এই খাত থেকে এসেছে।

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে শীতকালীন পোশাকের ক্রয়াদেশ ও উৎপাদনের চাপ থাকে, তাই এই সময়ে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যয় বাড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমতে পারে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘চলমান এই আন্দোলনের কারণে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যেতে পারে।’

প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবিকা এবং অসংখ্য সহযোগী শিল্পের ভবিষ্যৎ এই শিল্পের সঙ্গে জড়িত। অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘যত বেশি আন্দোলন রাজনীতিকিকরণ হবে, ততই জটিলতা সৃষ্টি হবে।’ তিনি সতর্ক করে বলেন, দ্রুত সমস্যা সমাধান না হলে এর প্রভাব শ্রীলংকার মতো হতে পারে।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। নতুন বেতন ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন