দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল, কিন্তু গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে পরিস্থিতি নিরাপদ মনে করেনি কেন্দ্রীয় ব্যাংক।
এ কারণে টাঁকশাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে নতুন নোট আনা সম্ভব হয়নি। আরিফ হোসেন খান জানান, প্রতিটি নতুন নোট ছাপানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে প্রায় ছয় মাস।
তিনি আরও জানান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে টাকা ছাপানো সম্ভব হয়নি। নতুন নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষ ২০, ৫০ ও ১০০ টাকার নোট সংগ্রহ করতে পারবে।